এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর ব্যস্ততম এলাকায় ভয়ংকর এক ঘটনার সাক্ষী হলো পল্টন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ-এর দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে উদ্ধার করা হয়েছে দুইটি কাটা হাত। একই ঘটনায় স্কাউট ভবন-এর সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাত দুইটার দিকে প্রথমে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দুইটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ওবায়দুল্লাহ। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। পুলিশ জানায়, দেহের উদ্ধার হওয়া অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।কে বা কারা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা উদঘাটনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রাণকেন্দ্রে এভাবে দেহ টুকরো করে ফেলে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
রহস্য ঘনীভূত খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতা, নাকি সংঘবদ্ধ অপরাধচক্র? এখন সেই উত্তর খুঁজছে পুলিশ।