
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর রুপনগর থানা এলাকায় অপরাধ দমনে ফের কঠোর বার্তা দিল পুলিশ। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে নেমে এক জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে রুপনগর থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাতে রুপনগর থানা-র অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের ভাষ্য, অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতেই মাঠে নেমেছেন তিনি।
থানা সূত্র জানায়, প্রসেস নং-৩০১/২৬ মূলে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাহাবুদ্দিন সিকদারকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
এছাড়া পৃথক পৃথক অপরাধে মোঃ রহিম (৩৪), মোঃ আসলাম হাওলাদার (২৯), মোঃ হোসেন (২৬), মোঃ ইয়াছিন (২২), মোঃ আসলাম (১৯), মোঃ রবিউল (২৭) ও ইসরাত জাহান তিসা (১৮)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। রুপনগরকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, ওসি মাসুদের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত তৎপরতা কমেছে। তার কঠোর অবস্থান ও তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় রুপনগর থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে ইতিবাচকভাবেই দেখছেন সচেতন মহল। অপরাধ দমনে এ ধরনের দৃঢ় পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
Leave a Reply