
সাভার প্রতিনিধি
পুলিশ সদস্য, ঢামেকে স্থানান্তর
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন মাসুম মিয়া নামের এক পুলিশ কনস্টেবল। সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে প্রশিক্ষণ চলাকালে হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিটি তার বুকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়—ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গুলিবিদ্ধ পুলিশ সদস্য মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বাসিন্দা বকুল মিয়ার ছেলে। দুর্ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রে ত্রুটি থাকার কারণে গুলি ভরার সময় হঠাৎ ফায়ার হয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত তার বুকে গুলি লাগে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অস্ত্রের কারিগরি ত্রুটি আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান জানান, পুলিশে যোগদানের পর প্রশিক্ষণরত অবস্থায়ই এ দুর্ঘটনার শিকার হন কনস্টেবল মাসুম। নিয়মিত ফায়ারিং প্রশিক্ষণের সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
উল্লেখ্য, চলতি প্রশিক্ষণ শেষ করে আগামী ৩ ফেব্রুয়ারি মহেড়া পিটিসি ত্যাগ করার কথা ছিল মাসুমের। প্রশিক্ষণ মাঠে এমন ভয়াবহ দুর্ঘটনায় সহকর্মীদের মধ্যে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
Leave a Reply