
রাজধানীর পল্লবীতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশ সূত্র জানায়, গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-এফ, এভিনিউ-৪, তালতলা বস্তির একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার করা হয় আলাল (৩৭) নামের এক দুর্ধর্ষ অপরাধীকে। তিনি মৃত নূর কবিরাজ ও মোছা. লাল মতি’র সন্তান।
তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি বিদেশি ৭.৬ এসএমএম মডেলের পিস্তল (MADE IN USA লেখা), একটি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, “অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। পল্লবীর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
পুলিশ আরও জানায়, গ্রেফতার আলাল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা ছাড়াও ডাকাতির প্রস্তুতি, মাদক, মারামারি ও পুলিশের ওপর হামলাসহ মোট ০৭টি মামলা বিচারাধীন রয়েছে।
এলাকাবাসীর মতে, ওসি আলমগীর জাহানের নেতৃত্বে পল্লবী থানায় নিয়মিত অভিযান জোরদার হওয়ায় সন্ত্রাসী ও অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এই অভিযানের জন্য পুলিশকে ধন্যবাদ জানান এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ নির্মূলে পল্লবী থানার এই সফল অভিযান নতুন করে আশার আলো দেখাচ্ছে নগরবাসীকে।
Leave a Reply